চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা জয় আটক
রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পৌর এলাকার চক মোক্তারপুরে নিজ বাড়ি থেকে সাব্বির বিশ্বাস জয়কে (২৫) আটক করা হয়।
আটক সাব্বির বিশ্বাস জয় চারঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
