ডিসেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য
ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পকারখানায় হামলার আশঙ্কা করা হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সরবরাহব্যবস্থা, উৎপাদন খাত ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীকে নিয়ে নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত দলটির দেশ-বিদেশে অবস্থানরত কিছু নেতার নির্দেশনা এবং কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর আর্থিক সহায়তায় এসব কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। শ্রমিক, হকার কিংবা সাধারণ পথচারীর ছদ্মবেশে ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের কৌশল নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিশেষ চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গোপন নেটওয়ার্কের সন্ধানে কাজ চলছে।
গোয়েন্দা সূত্রের দাবি, মাঠপর্যায়ে কয়েকটি গোপন সেল গঠন করে নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এসব সেলের সদস্যরা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছেন। হামলার স্থান ও সময় নির্ধারণেও এসব মাধ্যম ব্যবহারের তথ্য পাওয়া গেছে। সাইবার নজরদারির মাধ্যমে কয়েকজনের ভার্চুয়াল পরিচয় শনাক্ত এবং গুরুত্বপূর্ণ বার্তা উদ্ধারের কথাও জানিয়েছে সূত্র।
এদিকে, নাশকতায় অর্থায়নের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী এবং ক্ষমতাচ্যুত দলের নেতাদের অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। অর্থের উৎস, ব্যাংক লেনদেন ও হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তরের সম্ভাব্য পথ অনুসন্ধান করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথমার্ধ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ এবং পার্কিংয়ে থাকা ফাঁকা যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে যাত্রীবাহী বাস, জনবহুল স্থান, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা থাকতে পারে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পুলিশের একটি অংশের বিরুদ্ধে নাশকতাকারীদের গোপনে সহায়তার অভিযোগ উঠেছে। এ ধরনের সদস্যদের শনাক্ত করতে পৃথক তালিকা তৈরি করে নজরদারি চালানো হচ্ছে বলে সূত্র জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সম্প্রতি দেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে জমা দিয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে সম্ভাব্য নাশকতার নেটওয়ার্ক, অর্থায়ন, যোগাযোগের মাধ্যম এবং দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ বলেন, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রে কৃত্রিম আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা পুলিশ কঠোরভাবে দমন করবে। নাশকতা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের নজরদারিতে থাকা অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
