রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:২৮ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম


প্রথম পাতা ডেস্ক,

দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম।

এতে ঋণ বিতরণসহ স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ ও গবাদিপশু মোটাতাজাকরণের ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত এর কার্যক্রম।

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গ্রামীণ ব্যাংকের মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, শাখাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ পেতে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট এলাকার সদস্যরা। এতে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ