রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
পুলিশের চোখ এড়িয়ে রাজশাহীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মিছিলটি বের হয়ে লক্ষ্মীপুর মোড় ঘুরে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের ব্যানারে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় কর্মসূচি পালনের কথা উল্লেখ ছিল।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীদের কয়েকজন নিজেদের ফেসবুক আইডি থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার করেন। তবে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মিছিল হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এ ধরনের কর্মসূচি পালন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
