বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, কৃষক দলের সদস্যসচিব শফিকুল ইসলাম সানা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ডা. মো. আব্দুল লতিফ মিঞা, পাকুড়িয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, বাজুবাঘা প্রশিক্ষিত যুব সমবায় সমিতির সভাপতি মো. আমিরুল ইসলাম, উত্তর গাওপাড়া মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি লিটন ভূঁইয়া, জাহান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ এবং গড়গড়ি ইউনিয়ন কুলি শ্রমিক সমবায় সমিতির সভাপতি জুয়েল আহমেদ।
বক্তারা বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক উন্নয়নেরও শক্তিশালী মাধ্যম। ক্ষুদ্র সঞ্চয়কে বৃহৎ পুঁজিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নারী ও যুবকদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, বাঘা একটি কৃষিনির্ভর উপজেলা। এখানে আম, ধান, সবজি, মৎস্য ও দুগ্ধ খাতে সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষক, নারী উদ্যোক্তা ও যুবসমাজ সমবায়ভিত্তিক কার্যক্রমে আন্তরিকভাবে সম্পৃক্ত হলে বাঘাকে একটি স্বাবলম্বী উপজেলায় পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সভাপতি-সম্পাদক ও সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
