রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজশাহীর সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি অতীতে অনেক পরীক্ষা দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন। জিয়াউর রহমানকে সামনে নিয়েই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।
সমাবেশ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় রাজশাহী নগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
