রাজশাহী, রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | ০৯:২৬ সকাল
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার, ‘একটা মারলে দুইটা মারব’


প্রথম পাতা ডেস্ক,

কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও দলটির নেতা মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ‘একটা মারলে দুইটা মারব।’ তাঁর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরেন আমির হামজা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাঁকে একই ধরনের বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব।’

জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার, ‘একটা মারলে দুইটা মারব’

শুক্রবার রাত ৯টার কিছু আগে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি। এতে লেখা ছিল, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। তবে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তাঁর পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরানোর আগে এতে প্রায় ২১ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য ও ৪৮৩টি শেয়ার পড়ে।

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দল মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’

ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ