রাজশাহী, রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | ০৯:১৩ সকাল
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ককটেল কারিগর আটক, পুলিশে সোপর্দ আরও তিন আ.লীগ নেতা


প্রথম পাতা ডেস্ক,

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর আহত অবস্থায় রাজশাহীতে আশ্রয় নিয়েছিলেন নাজমুল করিম ওরফে নুরুল। নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাসায় গোপনে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালানোর সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে স্যালাইনসহ তাঁকে ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

আটক নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। স্থানীয়ভাবে তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। এসআরবি-৫-এর দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন পালিয়ে যান। তাঁদের মধ্যে নাজমুলও ছিলেন।

রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ককটেল কারিগর আটক, পুলিশে সোপর্দ আরও তিন আ.লীগ নেতা

আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।

বাসার ভাড়াটিয়া নারীর ভাষ্য, বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর নাজমুলের স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা বাসাটি ঘিরে অভিযান চালান।

ওই নারী আরও জানান, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাঁকে বলেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং মোটরসাইকেলে করে তাঁকে সেখানে নেওয়া হয়েছিল।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং সুস্থ হলে আদালতে তোলা হবে।

এদিকে একই রাতে রাজশাহী নগরের পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেন যুবদলের নেতাকর্মীরা। এ ছাড়া রাত ১টার দিকে বর্ণালীর মোড় এলাকার একটি বাসা থেকে মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদকে পুলিশের হাতে তুলে দেন যুবদল নেতা রবি। তিনি শহীদকে মিষ্টি খাইয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ