রাজশাহী, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
জ্বালানি তেল সরবরাহে নতুন সংকট, বাড়তি দরে চুক্তি নিয়ে প্রশ্ন

জ্বালানি তেল সরবরাহে নতুন সংকট, বাড়তি দরে চুক্তি নিয়ে প্রশ্ন


প্রথম পাতা ডেস্ক,

নভেম্বরে দেশে আসার কথা থাকা জি-টু-জি ভিত্তিক জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করেছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিত্ব, জ্বালানি আমদানিতে বিকল্প ব্যবস্থা এবং পরবর্তী সময়ে বেশি প্রিমিয়ামে নতুন করে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের কেউ কেউ আশঙ্কা করছেন, সরবরাহ ঘাটতির সুযোগ নিয়ে একটি বিশেষ গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিষয়টির সঙ্গে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী ডা. এজাজুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, নভেম্বরের চালানগুলো নির্ধারিত সময়ে না এলে ডিসেম্বরের জ্বালানি চাহিদা পূরণে চাপ তৈরি হতে পারে। তাই সরবরাহে অপারগতা প্রকাশের কারণ, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে স্থানীয় এজেন্টদের সম্পর্ক এবং বিকল্পভাবে যেসব চুক্তি করা হচ্ছে—সবকিছুই তদন্তের আওতায় আনা প্রয়োজন।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরবরাহকারী চুক্তির শর্ত অনুযায়ী জ্বালানি দিতে ব্যর্থ হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা উচিত। প্রয়োজনে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্তির ব্যবস্থাও বিবেচনায় নেওয়া দরকার।

সরবরাহ ঘাটতির বিষয়টি সামনে আসার পাশাপাশি বেশি প্রিমিয়ামে ডিজেল ও জেট ফুয়েল আমদানির জন্য নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ডিজেলের প্রিমিয়াম যেখানে প্রতি ব্যারেলে ৯ দশমিক ৫০ ডলার এবং জেট ফুয়েলে ১০ দশমিক ১৫ ডলার ছিল, সেখানে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভিটল এশিয়ার জন্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৬৮ ও ১৭ দশমিক ৮৮ ডলার।

প্যাকেজ-০২-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পেয়েছে ভিটল এশিয়া পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, শুধু এই প্যাকেজেই দীর্ঘমেয়াদি চুক্তির তুলনায় অতিরিক্ত ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার ব্যয় হওয়ার কথা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮২ কোটি টাকা।

বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টনের কার্যাদেশ গেছে এমন প্রতিষ্ঠানের কাছে, যাদের স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।

সংশ্লিষ্টদের অভিযোগ, দরপত্রে এমন কিছু শর্ত রাখা হচ্ছে, যা নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে সুবিধা দিচ্ছে। এতে নতুন সরবরাহকারীদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়ছে এবং জ্বালানি আমদানিতে একটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বাড়ছে।

জ্বালানি তেল সরবরাহে নতুন সংকট, বাড়তি দরে চুক্তি নিয়ে প্রশ্ন

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ডা. এজাজুর রহমান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রায় ৭৮ শতাংশ কার্যাদেশ পেয়েছে বলে দাবি করা হয়েছে।

গত জুন-আগস্ট মেয়াদের দরপত্রের নথিতেও একই ধরনের চিত্র পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই সময়ে তিন মাসের জন্য চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন পরিশোধিত জ

জ্বালানি তেল আমদানির প্রক্রিয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিপিসি গত সেপ্টেম্বরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ৫ হাজার টন ডিজেল ও ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করেছিল। ওই প্রস্তাবে ডিজেলের প্রিমিয়াম প্রতি ব্যারেলে ১৪ দশমিক ৮৫ ডলার এবং জেট ফুয়েলের ১৬ দশমিক ৪৯ ডলার ধরা হয়। তবে প্রিমিয়াম বেশি হওয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়নি।

এর পরও এর চেয়ে বেশি প্রিমিয়ামে গোপন প্রক্রিয়ায় দেওয়া উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়াকে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, কম দরে সরবরাহের সুযোগ থাকা সত্ত্বেও কেন বেশি প্রিমিয়ামে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হলো।

জ্বালানি আমদানির সঙ্গে দীর্ঘদিন ধরে ডা. এজাজুর রহমানের ব্যবসায়িক সংশ্লিষ্টতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত। অভিযোগ রয়েছে, বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির স্থানীয় এজেন্ট তার মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড।

নভেম্বরে সরবরাহে অপারগতা প্রকাশ করা কয়েকটি চালানের স্থানীয় ব্যবসায়িক সংযোগের ক্ষেত্রেও তার প্রতিষ্ঠানগুলোর নাম এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ কারণে সরবরাহে ব্যর্থতা এবং পরবর্তী সময়ে বিকল্প পদ্ধতিতে বেশি দরে জ্বালানি কেনার সিদ্ধান্তের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

বিপিসি সূত্র জানায়, নভেম্বরে জি-টু-জি ক্রয় সূচিতে থাকা ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েল চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের ২৩ নভেম্বরের মোগাস চালান রয়েছে।

নির্ধারিত এসব চালান নভেম্বরে দেশে পৌঁছানোর কথা ছিল। সেগুলো দিয়ে ডিসেম্বরের চাহিদার একটি অংশ পূরণ করার পরিকল্পনা ছিল।

সংশ্লিষ্টদের সবচেয়ে বড় প্রশ্ন, জি-টু-জি চুক্তির আওতায় প্রতিশ্রুত জ্বালানি সরবরাহ না করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার সময় কেন বেশি প্রিমিয়ামে চুক্তি করা হচ্ছে।

তাদের অভিযোগ, বিপিসির পরিচালক (অপারেশন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার ভূমিকা বিষয়টিতে খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, ডিপিএমের আগ্রহী তালিকা থেকে কম দরে সরবরাহকারী নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে বেশি প্রিমিয়ামে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয়েছে।

এতে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি কোনো ধরনের আর্থিক সমঝোতা বা অর্থ বিদেশে পাচারের সুযোগ তৈরি হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ