মরিশাসে কন্টেইনারচাপায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কন্টেইনারের ভেতরে ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় একটি পণ্যবাহী কন্টেইনার রাখার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশের মাটিতে কর্মস্থলে তিন বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে। দুর্ঘটনার তদন্তে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের দায়দায়িত্বের বিষয়টিও এখন গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, কন্টেইনারের ভেতরে থাকা ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়েন ওই তিন শ্রমিক। খবর পেয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। তবে কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করেন জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকেরা।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা তিনজনই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্মস্থলে যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না, শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছিল কি না এবং দুর্ঘটনার পেছনে প্রতিষ্ঠানের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
শ্রমমন্ত্রী রেজা উতিম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
