ভারতীয় ভিসায় নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা
ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে স্ক্যান করা কপি অনলাইনে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত ওয়েব পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা অঙ্গীকারনামা’ সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। অন্য কোনো ফরম্যাটে তৈরি অঙ্গীকারনামা গ্রহণ করা হবে না।
নির্দেশনায় বলা হয়েছে, অঙ্গীকারনামায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ফরমের শেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ ও পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদন বাতিল বা প্রক্রিয়াগত জটিলতা এড়াতে ফরমের প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত নিয়মে অনলাইনে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে
নির্ধারিত এক পাতার ফরমে আবেদনকারীর ব্যক্তিগত ও ভ্রমণসংক্রান্ত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা।
এ ছাড়া ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলন—যে উদ্দেশ্যেই ভিসার আবেদন করা হোক, ফরমে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে।
অঙ্গীকারনামায় আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, ভারত সফরের সময় ভিসায় উল্লেখিত উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হবেন না। সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
পাশাপাশি ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। আবেদনে দেওয়া সব তথ্য সঠিক বলেও ঘোষণা দিতে হবে। এ ছাড়া আবেদন করার তারিখে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাসের বিষয়টি নিশ্চিত করতে হবে।
শর্ত ভাঙলে হতে পারে ভিসা বাতিল
