এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে নাটোর বিএনপি
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে মনে করছেন জেলা বিএনপির নেতারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না। তাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার সকালে তাঁকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।
