জিম্বাবুয়েতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৭
জিম্বাবুয়েতে পণ্যবাহী ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
জিম্বাবুয়েতে সড়কের বেহাল অবস্থা, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় মিনিবাসগুলো ‘কমবি’ নামে পরিচিত। এসব যানবাহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন লেগে ১৮ জন নিহত হন। একই মাসে অন্য একটি দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের এক নারী ও তাঁর পাঁচ সন্তান নিহত হন।
পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বিদেশি নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক অন্য একটি গাড়িকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশিত ভিডিওতে মিনিবাসটিকে পুড়ে কঙ্কালের মতো অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনার সময় উভয় গাড়িতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
