রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৩ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ'ত্যু

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ'ত্যু


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহীর বাঘায় বেসরকারি জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে রাজশাহী শহরে রেফার্ড করা হলেও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে বাঘা পৌর সদরের জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের পর নবজাতককে মুমূর্ষু অবস্থায় দ্রুত রাজশাহী শহরে নেওয়ার জন্য রেফার্ড করা হয়। তবে পথেই শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনার সময় ক্লিনিক থেকে নবজাতককে মাইক্রোবাসে করে নেওয়ার দৃশ্য একজন সংবাদকর্মী ভিডিও ধারণ করেন বলে জানা গেছে। এ নিয়ে পরে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে ওই সংবাদকর্মীর বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

ঘটনাটির নিন্দা জানিয়ে বাঘা প্রেসক্লাবের নেতারা বলেন, কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে রোগী বা নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলে তা যথাযথভাবে তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদকর্মী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, “মৃতপ্রায় অবস্থায় শিশুটিকে ক্লিনিক থেকে পাঠানো হচ্ছিল। জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আমি ভিডিও ধারণ করি। পরে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ডা. আকতারুজ্জামান আমাকে ডেকে ভিডিও মুছে ফেলার জন্য মোবাইল নেওয়ার চেষ্টা করেন। তবে তিনি সফল হননি।”

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ'ত্যু

ভিডিও ফুটেজে দেখা যায়, জননী ক্লিনিকের সামনে একটি সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে রয়েছে। ক্লিনিক থেকে নারী ও শিশুদের বের হয়ে ওই গাড়িতে উঠতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এর আগেও ওই ক্লিনিকে অপারেশনের পর জটিলতার অভিযোগ রয়েছে। নবজাতকের মৃত্যুর ঘটনায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে জননী ক্লিনিকের কর্তৃপক্ষের চিকিৎসক ডা. আকতারুজ্জামান বলেন, “আমি ও অ্যানেসথেসিয়ার চিকিৎসক ডা. তুহিন মিলে অপারেশন করেছি। অপারেশন সফল ছিল। ডা. তুহিন জানিয়েছেন, নবজাতকের গলায় নাড়ির প্যাঁচ ছিল। প্রাথমিক পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী শহরে রেফার্ড করা হয়।”

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘার খায়েরহাট গ্রামের শিমুল হোসেন বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছিল, নবজাতকের যে সমস্যা হয়েছে, শহরের হাসপাতালে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু শিশুটি মারা যাওয়ার বিষয়টি তারা আমাদের জানায়নি।”

এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ