রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৫ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি, আধুনিকায়নের উদ্যোগ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি, আধুনিকায়নের উদ্যোগ


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকালে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান।

পরিদর্শনকালে তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় করে তোলার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে তাঁরা কাজ করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরবাসী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি, আধুনিকায়নের উদ্যোগ

তিনি বলেন, নগরবাসীর দাবির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী ইতোমধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। এর মাধ্যমে চিড়িয়াখানাটিকে নতুন রূপে সাজানোর কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাসিক প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানায় পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে একটি টিম নিয়ে চিড়িয়াখানাটি পরিদর্শন করা হয়েছে।

তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের টিম চিড়িয়াখানাটির ফিজিবিলিটি স্টাডি করবে। ওই সমীক্ষার ভিত্তিতে কীভাবে এটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনার আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ