রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা: এমপি ডা. বারী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।
মঙ্গলবার বিকেলে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, খোঁজখবর ও পথসভাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন এমপি ডা. আব্দুল বারী সরদার।
পথসভায় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। বাগমারার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বাগমারাকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
এমপি বলেন, আপনারা আপনাদের সমস্যার কথা সরাসরি জানাবেন। জনগণের সমস্যা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হবে। মানুষের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইব্রাহীম আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা রহিদুল ইসলাম, কাচারি কোয়ালি পাড়া ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মাহবুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। বিভিন্ন এলাকার বাসিন্দারা এমপির সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
